পাকিস্তানে তুরস্কের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, দুই দেশের রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বেরও সামঞ্জস্য থাকা প্রয়োজন।
ইসলামাবাদে তুরস্কের ১০৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক বন্ধুত্বকে বহুমাত্রিক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার বিষয়টি তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
শাহবাজ শরিফ বলেন, দুই দেশের সহযোগিতা এখন রাজনৈতিক সংলাপ, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। এই বহুমাত্রিক সহযোগিতা দুই দেশের সম্পর্কের গভীরতা ও পরিপক্বতার প্রতিফলন।
পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে গত ৭ আগস্ট স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই চুক্তি তিন দেশের সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপরও গুরুত্ব দেন শাহবাজ শরিফ। তিনি বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং সমস্যার শান্তিপূর্ণ সমাধান পাকিস্তানের নীতির অন্যতম ভিত্তি।
অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের অগ্রণী ভূমিকা রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
এ সময় করাচিতে ‘প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান স্পেশাল ইকোনমিক জোন’ প্রতিষ্ঠার প্রস্তাবের কথাও তুলে ধরেন তিনি। এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তুর্কি বিনিয়োগ আকর্ষণ এবং পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন শাহবাজ শরিফ।
তিনি আরও বলেন, তরুণ জনগোষ্ঠী, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনার কারণে পাকিস্তানে তুর্কি বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।
দুই দেশের অভিন্ন মূল্যবোধ ও কৌশলগত স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা এ অংশীদারত্ব ভবিষ্যতে পাকিস্তান ও তুরস্ক উভয়ের জন্য নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সম্ভাবনা তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: টাইমস অব ইসলামাবাদ।