জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘ ১৮ বছর ধরে চলা ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের পরিণতি ঘটেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি প্রায় ১৮ বছর ধরে দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্মম নির্যাতন চালিয়েছে। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পাশাপাশি নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করে বিনা ভোট ও রাতের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতায় টিকে ছিল তারা।
তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে তরুণ শিক্ষার্থীদের হাত ধরে যে আন্দোলন শুরু হয়েছিল, পরবর্তী সময়ে তাতে রিকশাচালক, শ্রমিক ও মেহনতি মানুষসহ ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তি ঐক্যবদ্ধভাবে অংশ নেয়। নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হলেও আন্দোলনকারীরা পিছু হটেননি।
মন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দল-মত ও ধর্ম-বর্ণনির্বিশেষে কোটি মানুষ রাজপথে নেমে এলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে যায়।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে নিতাই রায় চৌধুরী বলেন, সরকারি রেকর্ড অনুযায়ী শহীদের সংখ্যা ৮৫৬ জন হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এ ছাড়া প্রায় ২০ হাজার মানুষ আহত হয়েছেন। তাঁদের অনেকে চোখ হারিয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। শহীদ পরিবারের শোক গোটা জাতির শোক।
তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের মূল লক্ষ্য হলো শহীদ পরিবারের আত্মত্যাগ, শোক এবং গণমানুষের সংগ্রামের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা। ইতিমধ্যে জাদুঘরের জন্য প্রায় ১ হাজার ৮০০ স্মারক সংগ্রহ করা হয়েছে। ভবিষ্যতে আরও যেসব স্মারক পাওয়া যাবে, সেগুলো পর্যায়ক্রমে সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।
জাদুঘরের পরিসর সম্প্রসারণ করে স্মৃতিচিহ্নগুলো একটি সুপরিসর স্থানে স্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ।
অনুষ্ঠানের শুরুতে জাদুঘরের কার্যক্রম ও প্রদর্শনীর পটভূমি তুলে ধরেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি জানান, শহীদদের ব্যবহৃত স্মৃতিস্মারক সংগ্রহের জন্য উন্মুক্ত আহ্বান জানানো হলে অনেকেই জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক জাদুঘরে সংরক্ষিত হয়েছে।
মহাপরিচালক আরও জানান, নিয়মিত গ্যালারিতে স্থানসংকুলান না হওয়ায় বর্তমানে ২০৫ জন শহীদের পাঁচ শতাধিক স্মারক স্থায়ীভাবে প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে জাদুঘরের সংগ্রহে প্রায় দেড় থেকে দুই হাজার স্মারক রয়েছে। দেশবাসী ও শহীদ পরিবারের সদস্যরা যেন এসব স্মৃতিচিহ্ন দেখতে পারেন এবং শহীদদের আত্মত্যাগের ইতিহাস জানতে পারেন, সে লক্ষ্যেই দেশের সর্ববৃহৎ এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ছাড়া শহীদ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।