২০২৭ সালের জুন থেকে রাজধানীর ১৩টি এলাকায় গন্ধর্বপুর পানি শোধনাগার থেকে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ শুরু হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন এ শোধনাগারের প্রথম ধাপ চালু হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে।
পানি সরবরাহের আওতায় আসবে বাড্ডা, উত্তর বাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলী, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুরের আংশিক এলাকা, উত্তরা ও মিরপুর ডিওএইচএস।
ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে এ পানি শোধনাগার। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী জুনে প্রকল্পের প্রথম ধাপের কার্যক্রম চালু করে নিয়মিত পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ উপকৃত হবেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে কয়েকশ গভীর নলকূপ বন্ধ করা সম্ভব হবে। এতে ভূগর্ভস্থ পানির স্তরের ওপর চাপ কমার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে।
প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন সময়ে পরিদর্শন করেছেন। প্রকল্পের অবশিষ্ট কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর মাধ্যমে ঢাকা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থায় প্রকল্পটি যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ২৫ লাখ লিটার। এর বিপরীতে ভূগর্ভস্থ ও উপরিভাগের উৎস থেকে ঢাকা ওয়াসা ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার পানি সরবরাহ করে। ফলে প্রতিদিনই পানির ঘাটতি থেকে যাচ্ছে।
তিনি বলেন, এই ঘাটতি পূরণ এবং রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা বিবেচনায় গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি চালু হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ঢাকায় ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরের মোট পানির চাহিদার সর্বোচ্চ ৩০ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা উচিত। অথচ ঢাকা শহরে বর্তমানে ৭৪ শতাংশ পানি ভূগর্ভ থেকে উত্তোলন করা হচ্ছে। বিপরীতে উপরিভাগের পানির ব্যবহার মাত্র ২৪ শতাংশ। এ ধরনের নির্ভরতা পরিবেশ ও জলবায়ুর ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করা হবে। এ শোধনাগার থেকে পানি সরবরাহ শুরু হলে রাজধানীর পূর্বাঞ্চলের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্য অর্জন সহজ হবে।
ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে চলমান এ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে।
প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে প্রতিদিন আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। দুই ধাপ মিলিয়ে গন্ধর্বপুর পানি শোধনাগারের দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটার। এতে রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি।
সূত্র: বাসস