খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় তৃতীয় স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক বিজ্ঞান মেলার বিভাগীয় পর্বে এ সাফল্য অর্জন করে দলটি।
দলটির চার সদস্য হলেন বর্ষণ কর্মকার প্রান্ত, জাকারিয়া আলম বাপ্পী, সাদিয়াতুল কেয়া ও মিনহাজুল আবেদিন হৃদয়। তাঁরা সবাই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী।
জানা যায়, প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০৮টি দল অংশগ্রহণ করে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭টি দল অংশ নেয়। এর মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দলটি তৃতীয় স্থান অর্জন করেছে। এ ছাড়া বাকি ৬টি দল সেরা ৩০-এর মধ্যে থেকে জাতীয় পর্যায়ে স্থান করে নিয়েছে।
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রমের প্রতিফলন এই অর্জন। কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা ও উৎসাহ পেলে শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।