পাবনার চাটমোহর পৌরসভার বালুচর মহল্লায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনাসহ বসতবাড়ির জায়গা জবরদখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে।
ওই বাড়িতে বসবাসকারীদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়ায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
আদালতে দায়ের করা মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, বালুচর মহল্লার মৃত মিয়া আতাহার আলীর ছেলে শামসুজ্জোহা তাঁর ভাই-বোনদের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা গ্রামের মিনা পারভীনকে বিয়ে করেন। এই দম্পতি নিঃসন্তান ছিলেন। শামসুজ্জোহা স্ত্রীর চাপে বসতবাড়ির ৪ শতাংশ জমি তাঁর নামে রেজিস্ট্রি করে দেন। তবে বিষয়টি তাঁর ভাই-বোনদের জানানো হয়নি।
শামসুজ্জোহার মৃত্যুর পর মিনা পারভীন অন্যত্র বিয়ে করেন। একপর্যায়ে তিনি তাঁর সাবেক স্বামীর দেওয়া ৪ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেন। বিষয়টি জানতে পেরে শামসুজ্জোহার অপর দুই ভাই মাসুদ রানা ও ফারুক আহমেদ ওই ৪ শতাংশ জমি নিজেরাই কিনে নেওয়ার প্রস্তাব দেন মিনা পারভীনকে। কিন্তু তিনি এ প্রস্তাবে রাজি না হয়ে গোপনে অন্য একজনের কাছে জমি বিক্রি করে দেন। শামসুজ্জোহার ভাই ফারুক বারবার চেষ্টা করেও মিনা পারভীনের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। এর মধ্যে মিনা পারভীন বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মাসুদ ও ফারুকের পরিবারকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
নিরুপায় হয়ে ফারুক আহমেদ গত ২১ জুলাই পাবনার যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে মিনা পারভীনের বিরুদ্ধে একটি বাটোয়ারা মামলা করেন। মামলাটির নম্বর ১৬৮/২০২৬। আদালত গত ২৭ আগস্ট ওই জমির ওপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। পরে সার্বিক বিষয় বিবেচনায় দ্বিতীয় দফায় ১৬ নভেম্বর পর্যন্ত জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত।
তবে অভিযোগ অনুযায়ী, মিনা পারভীন আদালতের নির্দেশনা উপেক্ষা করে মামলা চলমান অবস্থায় গত ২৪ আগস্ট বালুচর মহল্লার সোহেল রানা নামের এক ব্যক্তির কাছে ৪ শতাংশ জমি বিক্রি করে দেন। এ ছাড়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মিনা পারভীন ও তাঁর লোকজন বসতবাড়ির জায়গা জবরদখলের চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন ফারুক আহমেদ।
এ বিষয়ে ভুক্তভোগী ফারুক আহমেদ বলেন, বিরোধপূর্ণ বসতবাড়ির ওই দাগে মোট ২৬ শতাংশ জমি রয়েছে। তাঁরা চার ভাই ও দুই বোন। বোনদের সঙ্গে আপস করে তাঁদের অন্য জায়গায় জমি দেওয়া হয়েছে। বসতবাড়ির ২৬ শতাংশ জমিতে তাঁরা চার ভাই অংশীদার। এমন অবস্থায় তাঁর ভাই শামসুজ্জোহা জীবিত থাকাকালে গোপনে তাঁর স্ত্রীর নামে ৪ শতাংশ জমি লিখে দেন।
তিনি আরও বলেন, চাকরির সুবাদে তাঁরা এলাকার বাইরে থাকেন। তারপরও জমিটি না কেনার জন্য সোহেল রানাকে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি তা শোনেননি। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি কিনে নেন। এখন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিনা পারভীন জমি বিক্রি করেছেন। উল্টো ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে বসতবাড়ির জায়গা জবরদখলের অপচেষ্টা করছেন। বাড়িতে থাকা তাঁদের পরিবারের সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এমন পরিস্থিতিতে প্রশাসনিক সহযোগিতা চেয়ে গত ৮ নভেম্বর চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ফারুক আহমেদ।
অভিযোগের বিষয়ে মিনা পারভীন বলেন, তাঁর স্বামী জীবিত থাকতেই ভাই-বোনদের নিয়ে সব জমির বণ্টননামা রেজিস্ট্রি অফিসে সম্পন্ন করে গেছেন। তাঁর নামে যে ৪ শতাংশ জমি রেজিস্ট্রি করে দিয়েছেন, তিনি শুধু সেই জমিটুকুই বিক্রি করেছেন। তাঁদের আদালতে মামলা করার কয়েক দিন আগেই জমি রেজিস্ট্রি হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, “আমি তো এখানে থাকি না, রাজশাহীতে থাকি। আমি কীভাবে তাঁদের হুমকি-ধমকি দেব? এসব তাঁদের মিথ্যা ও সাজানো কথা।”
এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আদালতের কী নিষেধাজ্ঞা ও নির্দেশনা রয়েছে, সেসব কাগজপত্র যাচাই-বাছাই করে সরেজমিনে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।