জয়পুরহাটে জামায়াতে ইসলামীর সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী হাসিবুল আলমের নির্বাচনী বিলবোর্ড ও পোস্টার ছিঁড়ে ফেলার প্রতিবাদে সমাবেশ করেছে দলটি।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় শহরের জিরো পয়েন্টে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জামায়াত সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি ও জামায়াত নেতা আব্দুল মমিন ফকির, ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, আব্দুল কাইয়ুম প্রমুখ।
বক্তারা বলেন, আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য মেয়র প্রার্থীরা শহরের বিভিন্ন স্থানে পোস্টার ও বিলবোর্ড স্থাপন করেছেন। কিন্তু অন্যান্য প্রার্থীর পোস্টার ও বিলবোর্ড অক্ষত থাকলেও জামায়াতের প্রার্থীর পোস্টার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলা হচ্ছে।
এ ঘটনায় কোনো পক্ষকে সরাসরি দায়ী না করে বক্তারা বলেন, কারা এসব পোস্টার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলছেন, তা সাধারণ মানুষ ভালোভাবেই বুঝতে পারছেন। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে এর জবাব দেবেন ভোটাররা।
তারা আরও বলেন, পোস্টার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলা হলেও মানুষের হৃদয় থেকে জামায়াতে ইসলামীকে মুছে ফেলা যাবে না।