মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আগেই ফের নতুন করে সংঘাতের আগুন জ্বলে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি ইরান মেনে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।
বুধবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২।
ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছিল। আত্মরক্ষার অংশ হিসেবে এবং ইরানের হামলাকারী স্থাপনাগুলো ধ্বংস করতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়।
এই হামলার ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে সাময়িক শান্তির সম্ভাবনা তৈরি হয়েছিল, তা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যস্থতায় ট্রাম্প ইরানের ওপর বড় ধরনের হামলা স্থগিতের ঘোষণা দেন। ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবেও গ্রহণ করা হয়।
আগামী শুক্রবার ইসলামাবাদে দুই সপ্তাহব্যাপী শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার আগেই ইসরায়েলের এই হামলায় পুরো পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
এখন নজর রয়েছে, ইসলামাবাদের বৈঠকে এই ঘটনার কী প্রভাব পড়ে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কতটা সংযত রাখতে পারে।
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 
























