রাজধানীর বাজারে বাড়ছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২০০ টাকায়। সোনালি মুরগির দাম উঠেছে ৩৫০ টাকা পর্যন্ত। তবে বিপরীত চিত্র ডিমের বাজারে। এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের ডজনপ্রতি দাম কমেছে ১৫ থেকে ২৫ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে নিত্যপণ্যের দামের এমন চিত্র দেখা গেছে।
চড়া দামে ব্রয়লার ও সোনালি মুরগি
গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও বর্তমানে দাম বেড়ে দাঁড়িয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়। সোনালি মুরগির কেজিপ্রতি দাম ১০ থেকে ২০ টাকা বেড়ে হয়েছে ৩৩০ থেকে ৩৫০ টাকা।
ব্যবসায়ীদের ভাষ্য, খামার পর্যায়ে সরবরাহ কমে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি ও পোল্ট্রি ফিডের বাড়তি দামের প্রভাব পড়েছে খুচরা বাজারে।
ডিমের বাজারে কিছুটা স্বস্তি
মুরগির দাম বাড়লেও কমেছে ডিমের দাম। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের ডিম ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৩৫ থেকে ১৪০ টাকায় নেমেছে। তবে পাড়া-মহল্লার দোকানে এখনো ডজনপ্রতি ডিম ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিম ব্যবসায়ীদের মতে, সরবরাহ স্বাভাবিক হওয়া, বাজার তদারকি এবং ছুটির সময়ে চাহিদা কম থাকায় দাম কমেছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে।
বাজারে শীতের সবজি, দাম এখনো চড়া
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলার সরবরাহ বাড়লেও নতুন সবজির দাম এখনো তুলনামূলক বেশি।
বাজারভেদে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা এবং বাঁধাকপি ৩০ থেকে ৬০ টাকায়। নতুন শিমের কেজি ১২০ থেকে ১৬০ টাকা, আর মুলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় শিমের দাম কেজিতে প্রায় ২০ টাকা কমেছে।
কমেছে কয়েক ধরনের পুরোনো সবজির দাম
দুই সপ্তাহ আগে লম্বা বেগুনের কেজি ৯০ থেকে ১০০ টাকা থাকলেও বর্তমানে তা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পটল ও ঢ্যাঁড়সের কেজিপ্রতি দাম কমে দাঁড়িয়েছে ৪০ থেকে ৬০ টাকায়। অন্যদিকে করলা, ঝিঙা, চিচিঙ্গা ও বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে।
চাল-ডালে এখনো স্বস্তি নেই
মুরগি, ডিম ও সবজির বাজারে দামের ওঠানামা থাকলেও চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো উচ্চপর্যায়ে রয়েছে। গত এক সপ্তাহে এসব পণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।
ফলে ডিম ও কয়েক ধরনের সবজির দাম কমলেও নিত্যপণ্যের সামগ্রিক বাজারে স্বস্তি ফেরেনি। বাড়তি দামের চাপে এখনো হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।