রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর থানা এলাকায় পরিচালিত দুই দফা অভিযানে ৪৫০ গ্রাম কোকেন জব্দ করেছে ডিবি-লালবাগ বিভাগ। এই অভিযানে সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, রোববার (৫ এপ্রিল) বিকেলে গুলশান থানাধীন ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম কোকেনসহ মো. মিলন মোল্লা (৪০), মো. মেহেদী হাসান ওরফে সম্রাট (২৬), মো. তরিকুল ইসলাম (৩২) ও মো. ফাহিম আশরাফ (৩৫)-কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী রাতে মোহাম্মদপুর থানাধীন সলিমুল্লাহ রোডে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম কোকেনসহ মো. রাকিব হোসেন (৪৫), মো. শহিদুল ইসলাম (৫৫) ও মো. আওয়াল তালুকদার (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিসি নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি এবং তারা দেশের বিভিন্ন এলাকা থেকে কোকেন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 
























