পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাঙ্গামাটিতে অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টা ৩০ মিনিটে রাঙ্গামাটি শহরের কাঠালতলীতে অবস্থিত দারুস সালাম ইসলামিক একাডেমি হেফজখানা ও এতিমখানায় এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এর পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বির প্রতিষ্ঠানটির জন্য নগদ ২৫ হাজার টাকা এবং ঈদ উপহার তুলে দেন।
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের আরও বেশি এগিয়ে আসা প্রয়োজন। তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহায়তায় এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লোকমান হাকিম পুতুল, খুরশিদ আলম রাজু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন টিটু, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ, দপ্তর সম্পাদক পাবেল সর্দার এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারুস সালাম ইসলামিক একাডেমি হেফজখানা ও এতিমখানার পরিচালক মাওলানা মুফতি শামছুল আলম। তিনি এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের কল্যাণে সহায়তা প্রদান করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এবং উপস্থিত অতিথিরা তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মোঃ নাজিম আল হাসান, রাঙ্গামাটি প্রতিনিধি 




















