গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলার কর্মীদের ওপর হামলা, আটক ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া সরকার। সোমবার (২৫ মে) দেশটির গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি জানান, আইনজীবীরা প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ শেষ করলেই সরকার আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ শুরু করবে।
গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমা দিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিলাটির লক্ষ্য ছিল মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের নৌ অবরোধ ভাঙা। অভিযোগ রয়েছে, এ সময় ইসরায়েলি বাহিনী জাহাজটিতে হামলা চালিয়ে ৪০০-এর বেশি আন্তর্জাতিক কর্মীকে আটক করে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লোটিলার অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে গিয়ে আমিরুদ্দিন বলেন, “আমরা চুপ থাকব না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সব প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। অংশগ্রহণকারীদের অপহরণ ও নির্যাতনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও বলেন, গাজার পূর্ণ মুক্তির দাবিতে মালয়েশিয়া কূটনৈতিক চাপ অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে দেশজুড়ে প্রচারণা চালানো হবে।
মালয়েশিয়া ভবিষ্যতে ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের পরিকল্পনাও করছে বলে জানান তিনি। পাশাপাশি গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ‘সুমুদ ৩.০’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সূত্র: আনাদলু
আন্তর্জাতিক ডেস্ক 



















