নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে তেজগাঁও কলেজের রসায়ন বিভাগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘চা বিক্রিয়া’ শিরোনামে এক জমজমাট চা চক্র।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রসায়ন বিভাগের ১১২ নম্বর কক্ষে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা অংশ নেন।
চা-আড্ডাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশ। বিশেষ করে নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজনটি হয়ে ওঠে পরিচিতি ও জড়তা কাটানোর একটি কার্যকর সুযোগ।
আয়োজকদের মতে, নবীন শিক্ষার্থীদের সঙ্গে সিনিয়রদের পরিচয় ও বন্ধুত্ব তৈরির পাশাপাশি শিক্ষকদের সঙ্গে সহজ যোগাযোগের পরিবেশ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রথম পরিচয়ের সংকোচ কাটিয়ে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে একে অপরের সঙ্গে মিশে যান।
অনুষ্ঠানে বক্তব্য পর্বের পাশাপাশি ছিল নানা বিনোদনমূলক আয়োজন। নাচ, গান, কুইজ প্রতিযোগিতা ও পিলো পাসিংয়ের মতো খেলায় অংশ নিয়ে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। বিশেষ করে কুইজ ও পিলো পাসিং প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ করে বাড়তি উচ্ছ্বাস।
বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যেমন একে অপরকে জানার সুযোগ পান, তেমনি তৈরি হয় বন্ধুত্বপূর্ণ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ।
সবশেষে চায়ের কাপ হাতে গল্প, আড্ডা ও হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘চা বিক্রিয়া’ হয়ে ওঠে রসায়ন বিভাগের নবীন-প্রবীণদের মিলনের একটি প্রাণবন্ত আয়োজন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন নিয়মিত হলে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রমেও ইতিবাচক পরিবেশ তৈরি হবে।