একজন আদর্শ প্রশাসক কেবল রুটিন দায়িত্ব পালন করেন না; তিনি কর্মদক্ষতা, দূরদর্শিতা ও মানবিক গুণাবলি দিয়ে একটি জনপদের চিত্র পাল্টে দিতে পারেন। পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ সেই দৃষ্টান্তই স্থাপন করছেন বলে মনে করেন স্থানীয়রা। কর্মনিষ্ঠা, সততা ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে তিনি ইতিমধ্যে পিরোজপুরবাসীর আস্থা অর্জন করেছেন। সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, লেখক, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের কাছে তিনি আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
পিরোজপুরে যোগদানের আগে আবু সাঈদ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মন্ত্রণালয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রতিটি কর্মক্ষেত্রে তিনি পেশাদারিত্ব, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন মনোভাব এবং সরকারি দায়িত্ব পালনে স্বচ্ছতা বজায় রাখার কারণে তিনি যেখানেই কাজ করেছেন, সেখানেই ইতিবাচক পরিবর্তন এনেছেন।
পিরোজপুরে যোগদানের পর থেকে জেলা প্রশাসনে ইতিবাচক পরিবর্তন এসেছে। সরকারের জনকল্যাণমূলক প্রতিটি নীতি ও সিদ্ধান্ত মাঠপর্যায়ে বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে সহজে সেবা পাওয়া নিশ্চিত করেছেন তিনি। বিশেষ করে গরিব, দুঃখী ও মেহনতি মানুষের যেকোনো সমস্যায় তিনি আস্থার আশ্রয়স্থল হয়ে উঠেছেন।
অসহায় ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তিনি নিয়মিত উন্মুক্ত গণশুনানি চালু করেছেন। এতে প্রান্তিক মানুষ মধ্যস্বত্বভোগী বা হয়রানি ছাড়াই সরাসরি জেলা প্রশাসকের কাছে নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন। সাধারণ মানুষের কোনো সমস্যা নজরে এলে তিনি ব্যক্তিগত উদ্যোগে তাৎক্ষণিকভাবে সাধ্যমতো ব্যবস্থা নিয়ে সেবা দিচ্ছেন। গরিব ও মেহনতি মানুষের বন্ধু হিসেবে তিনি ইতিমধ্যে সর্বমহলে পরিচিতি ও স্বীকৃতি পেয়েছেন।
সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে আবু সাঈদ দৃঢ়কণ্ঠে ঘোষণা দিয়েছেন, তাঁর আমলে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। মাদকের বিরুদ্ধেও তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। অপরাধ নির্মূলে তাঁর এই আপসহীন ভূমিকা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে এনেছে বলে স্থানীয়দের অভিমত।
পিরোজপুর জেলায় চলমান সরকারি উন্নয়ন প্রকল্প ও কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে তিনি নিয়মিত মাঠপর্যায়ে গিয়ে তদারকি করেন। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করায় জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি এসেছে।
প্রশাসনিক কাজের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায়ও তিনি তৎপর। ডেঙ্গু প্রতিরোধে তাঁর সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে। এ ছাড়া পিরোজপুর শহরকে আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে তাঁর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নান্দনিক ও জনবান্ধব নানা উদ্যোগ নিয়ে তিনি পিরোজপুরকে আদর্শ জেলায় রূপান্তরের প্রত্যয় নিয়ে কাজ করছেন।
একজন সৎ, নির্ভীক ও জনবান্ধব প্রশাসক হিসেবে আবু সাঈদ তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে পিরোজপুরবাসীকে আশার আলো দেখাচ্ছেন। তাঁর গতিশীল নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও দেশপ্রেম পিরোজপুরকে সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা পিরোজপুরবাসীর।
kalprakash.com/IM