ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় চার হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। মোট ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার এই জ্বালানি তেল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিভ টার্মিনাল ডিপোতে এসে পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আসা শুরু হয়। এরপর টানা কার্যক্রম শেষে ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সম্পূর্ণ জ্বালানি তেল পার্বতীপুর ডিপোর ট্যাংকে জমা করার প্রক্রিয়া সম্পন্ন হয়।
দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের ৯ এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৫ বছর মেয়াদে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০২৩ সালের ১৮ মার্চ এই ঐতিহাসিক পাইপলাইনটি আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ভারত থেকে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি সম্পন্ন হয়েছে।
আমদানিকৃত এই জ্বালানি তেল দেশের তিন প্রধান রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান—পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির ডিপোতে সমানুপাতিক হারে সরবরাহ করা হয়ে থাকে, যা উত্তরাঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের বাংলাদেশ অংশের মোট দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পাইপলাইনটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা এবং নীলফামারী সদর ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মধ্য দিয়ে পার্বতীপুরের মূল রিসিভ টার্মিনালে সংযুক্ত হয়েছে। মাটির প্রায় পাঁচ থেকে আট ফুট গভীরে আন্তর্জাতিক মান বজায় রেখে এই পাইপলাইন স্থাপন করা হয়েছে।
kalprakash.com/IM