২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ-পরবর্তী প্রথম আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে নিজেদের ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তেরা। সোমবার আর্জেন্টিনার প্রভাবশালী ক্রীড়া দৈনিক ‘ওলে’ এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে আন্তর্জাতিক ফুটবলের ফিফা উইন্ডো। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী মনুমেন্টাল স্টেডিয়ামে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর একই ভেন্যুতে বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের রানার্সআপরা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রতিপক্ষ, ম্যাচের দিনক্ষণ ও ভেন্যুর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে। তবে ম্যাচগুলো আন্তর্জাতিক ‘ক্লাস এ’ প্রীতি ম্যাচের মর্যাদা পাবে কি না, সে বিষয়ে এখনো আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা।
ম্যাচগুলো ‘ক্লাস এ’ স্বীকৃতি পেলে বিশ্বকাপ ফাইনালের পর মাঠে মারামারিতে জড়ানোর অপরাধে নিষিদ্ধ হওয়া লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এই ম্যাচগুলোর মাধ্যমেই নিজেদের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারবেন। একই সঙ্গে ম্যাচগুলোর ফলাফল ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে এবং খেলোয়াড়দের জাতীয় দলের আন্তর্জাতিক পরিসংখ্যানেও অন্তর্ভুক্ত হবে। এছাড়া বিশ্বকাপের মূল দলে জায়গা না পাওয়া একাধিক তরুণ প্রতিভাকে এই ম্যাচগুলোতে পরখ করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ বা ২৩ সেপ্টেম্বর এজেইজা ক্যাম্পে দলের প্রস্তুতি শুরু হতে পারে।
এদিকে ম্যাচগুলোর আগে আর্জেন্টাইন ফুটবলজুড়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে প্রধান কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ। বিশ্বকাপের পর থেকেই তার পদে থাকা না থাকা নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। এএফএ চায় ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিই দায়িত্বে বহাল থাকুন। তবে প্রস্তাব পেলেও বিশ্বকাপজয়ী এই মাস্টারমাইন্ড এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। এএফএ কর্তৃপক্ষও স্কালোনিকে তড়িঘড়ি কোনো সিদ্ধান্তের জন্য চাপ না দিয়ে সময় দিচ্ছে।
সব আলোচনার মাঝেও ভক্ত-সমর্থকদের সবচেয়ে বড় কৌতুহল মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে। গত মাসের শেষ দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। তবুও ভক্তদের তীব্র আকুলতা—বিদায়ী সম্বর্ধনা হিসেবে বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে যেকোনো একটি ম্যাচে কি শেষবারের মতো সাদা-আকাশি জার্সিতে মাঠে নামবেন মেসি? আর্জেন্টাইন গণমাধ্যমে এখন ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নই।
kalprakash.com/IM