সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৯:৪৩

ইসলামকে ‘শ্রেষ্ঠ’ বলে তোপের মুখে কর্ণাটকের মন্ত্রী, পদত্যাগের দাবি বিজেপির

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:৫৯
শেয়ার: mail
ইসলামকে ‘শ্রেষ্ঠ’ বলে তোপের মুখে কর্ণাটকের মন্ত্রী, পদত্যাগের দাবি বিজেপির

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির ইসলাম ধর্ম নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ইসলামকে ‘অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করার পর তাঁর পদত্যাগের দাবি তুলেছে বিরোধী দল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, মন্ত্রীর এই বক্তব্য হিন্দুধর্মকে হেয় করেছে। একই সঙ্গে বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে তারা।

গত রবিবার কোপ্পাল জেলার কুকনুরে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি ইসলামকে মহান ও অত্যন্ত মানবিক ধর্ম হিসেবে বর্ণনা করেন। তিনি দাবি করেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে কীভাবে জীবনযাপন করতে হয়, সেই শিক্ষা দেয়।

মন্ত্রী বলেন, ‘যাঁরা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তাঁরা এটি নিয়ে ভুল ধারণা ও ভুল মতামত তৈরি করেন।’ তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, ইসলাম সমস্ত ধর্মের তুলনায় শ্রেষ্ঠ, কারণ এর সূচনা মানবিকতা দিয়ে। কোরআনের প্রসঙ্গে বলছি, আব্রাহামিক ধর্মগুলো নিয়ে আমি ব্যাপকভাবে পড়াশোনা করেছি। আমি নিয়মিত মন্দির বা মঠে না গেলেও বিভিন্ন ধর্ম এবং তাদের ইতিহাস নিয়ে পড়াশোনা করি। সেই কারণেই আমি আব্রাহামিক ধর্মগুলোকে অন্যভাবে দেখি।’

মন্ত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই কড়া প্রতিক্রিয়া জানায় বিজেপি। কর্ণাটক রাজ্য বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁর অভিযোগ, রায়ারেড্ডির মন্তব্য হিন্দুধর্ম ও সনাতনীদের ধর্মীয় বিশ্বাসকে চরম অপমান করেছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের নিয়মিত মন্দির দর্শনের প্রসঙ্গ টেনে আর অশোক প্রশ্ন তোলেন, কংগ্রেস সরকারের তথাকথিত হিন্দুবিরোধী মানসিকতার কি কোনো শেষ নেই? তিনি দাবি করেন, উচ্চশিক্ষামন্ত্রীর ‘আমি মঠ বা মন্দিরে যাই না’ মন্তব্যটি রাজ্যের কোটি কোটি হিন্দুর ধর্মীয় বিশ্বাসের কেন্দ্রকে হেয় করেছে। পাশাপাশি ইসলামকে শ্রেষ্ঠ দাবি করে তিনি সনাতন ধর্মকে অবমাননা করেছেন।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রায়ারেড্ডিকে অবিলম্বে তাঁর মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; অন্যথায় মুখ্যমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে তাঁকে সরিয়ে দেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে অভিযোগ করেন, স্রেফ ভোটব্যাংকের রাজনীতির স্বার্থেই এমন মন্তব্য করা হয়েছে।

উল্লেখ্য, বাসবরাজ রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ডি কে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। কর্ণাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপির দুর্নীতির অভিযোগের মধ্যেই নতুন এই ধর্মীয় বিতর্ক রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইসলামকে ‘শ্রেষ্ঠ’ বলে তোপের মুখে কর্ণাটকের মন্ত্রী, পদত্যাগের দাবি বিজেপির

বিস্তারিত কমেন্টে