সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১২:৫৬

বাংলাদেশের কারিগরি শিক্ষাকে বিশ্বমানে নিতে চীনের সঙ্গে বড় চুক্তি

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৫০
শেয়ার: mail
বাংলাদেশের কারিগরি শিক্ষাকে বিশ্বমানে নিতে চীনের সঙ্গে বড় চুক্তি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষায় দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর, একটি আন্তর্জাতিক সার্ভিস সেন্টার ও তিনটি নতুন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে প্রতিনিধিদলের চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, এই সফরের মূল লক্ষ্যই হলো দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের কাতারে নিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের জন্য দ্রুত মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করা।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। সম্প্রতি চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক বিভিন্ন আয়োজন ও উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তিন দিনের সফর সম্পন্ন করে।

সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে সূচিত হয়েছিল এবং বেগম খালেদা জিয়ার সময়ে তা নতুন মাত্রা পায়। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানও দায়িত্ব নেওয়ার পর তাঁর তৃতীয় আন্তর্জাতিক সফর হিসেবে চীনকেই বেছে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও কর্মক্ষেত্রের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা।

তিনি জানান, তিন দিনের সফরে চীনের প্রথম সারির ১৯টি কারিগরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্রম বাস্তবমুখী করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া একটি বিশেষ সিম্পোজিয়ামে দেশটির ১১টি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের উপায় নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল চীনের বিশেষ ‘ভোকেশনাল এডুকেশন টাউন’ ও বিভিন্ন স্মার্ট ম্যানুফ্যাকচারিং শিল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করে শিক্ষা ও শিল্পের প্রাতিষ্ঠানিক মেলবন্ধন প্রত্যক্ষ করেছে।

সফরের প্রাতিষ্ঠানিক অর্জনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, শিক্ষক প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে ‘এগ্রিমেন্ট অন দ্য চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং’ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি ‘চীন-বাংলাদেশ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন ইন্টিগ্রেশন ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। এছাড়া চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং বাংলাদেশ ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্লাস স্কিল ডেভেলপমেন্ট’ কো-অপারেশন সেন্টার নামের তিনটি প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মাহ্দী আমিন আরও উল্লেখ করেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে চীনা বা মান্দারিন ভাষাকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। চীন থেকে দক্ষ ভাষা শিক্ষক আনা, কারিগরি শিক্ষার সঙ্গে ভাষা সমন্বয় এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পূর্ণাঙ্গ বৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। একই সঙ্গে চীনা শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞদের বাংলাদেশে আসা নির্বিঘ্ন করতে ভিসা প্রক্রিয়া সহজীকরণের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, সরকার শিক্ষাকে দক্ষতায়, দক্ষতাকে কর্মসংস্থানে এবং কর্মসংস্থানকে তরুণদের অপার সম্ভাবনায় রূপান্তর করতে চায়। শিক্ষামন্ত্রীর গতিশীল নেতৃত্বে স্বল্প সময়ে প্রায় ৫০টি অগ্রণী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশের কারিগরি শিক্ষাকে বিশ্বমানে নিতে চীনের সঙ্গে বড় চুক্তি

বিস্তারিত কমেন্টে