সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৭:২৫

রাবিতে দুই বিভাগের সংঘর্ষ: নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:২৬
শেয়ার: mail
রাবিতে দুই বিভাগের সংঘর্ষ: নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেনি। তদন্ত কার্যক্রম যথাযথভাবে শেষ করতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছেন কমিটির প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম।

আজ সোমবার (৩১ আগস্ট) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন তদন্ত কমিটির সভাপতি।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটির পরিধি বড় হওয়ায় তদন্ত সম্পন্ন করতে কিছুটা বাড়তি সময় লাগছে। আগামীকাল আমরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সঙ্গে বসব। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের তথ্য সেল, জনসংযোগ দপ্তর এবং সংশ্লিষ্ট আবাসিক হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি রসায়ন বিভাগও লিখিত বক্তব্য জমা দেবে।’

এর আগে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে আয়োজিত একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুর চালানো হয়। এতে রসায়ন বিভাগের অন্তত চারজন শিক্ষার্থী এবং দায়িত্ব পালনকালে একটি অনলাইন পোর্টালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহত হন।

ঘটনার পর সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘তদন্ত কমিটি কাজ করছে। তাদের সাথে কথা হয়েছে। বিষয়টি সংবেদনশীল ও কিছুটা জটিল হওয়ায় সব পক্ষের তথ্য ও ফুটেজ যাচাই করতে একটু বাড়তি সময় লাগছে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রাবিতে দুই বিভাগের সংঘর্ষ: নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি

বিস্তারিত কমেন্টে