দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জনে। আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, গত ৩১ জুলাই পর্যন্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে প্রণীত চূড়ান্ত ভোটার তালিকা নিয়েই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এই চূড়ান্ত হিসাব অনুযায়ী দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর আগে গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক হিসাবের তুলনায় দেশে ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।
ভোটার তালিকার বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, বর্তমান তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। এই ভোটার তালিকা নিয়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে ইসি সচিব বলেন, নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন এবং সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিমূলক কাজ চলছে। নির্বাচনের তফসিল চূড়ান্ত হওয়া মাত্রই তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
ভোটকেন্দ্রের সংখ্যা প্রসঙ্গে তিনি আরও জানান, স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তার ওপর ভিত্তি করে ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারিত হবে; যা পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
kalprakash.com/IM