যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজাসহ ৫ লাখ ২৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল ও শিকারপুর বিওপি এবং বেনাপোল আইসিপির বিশেষ টহল দল সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে এই মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা, ৩৫টি ভারতীয় শাড়ি, ২টি কম্বল, ২৮ প্যাকেট ফুচকা, আড়াই কেজি জিরা, দেড় কেজি কিশমিশ, ৩ প্যাকেট সোনপাপড়ি এবং ১৭৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব মাদক ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ২৬ হাজার টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদকদ্রব্য পাচার রোধ এবং চোরাকারবারিদের অপতৎপরতা দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব ভারতীয় মাদক ও পণ্য জব্দ করা হয়। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
kalprakash.com/IM