ইরান যদি তাদের পারমাণবিক কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করে, তবে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছালেও ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী এলি কোহেন।
আল জাজিরার বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইয়েনেট’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে এলি কোহেন বলেন, “ইরান যদি কোনো ভুল করে তাদের পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় সক্রিয় করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো চুক্তি হলেও আমরা সেখানে পুনরায় হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত থাকব।”
তিনি দাবি করেন, ইসরায়েল সামরিক অভিযান না চালালে ইরান ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত। তাঁর ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, যৌথ অভিযানের কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত দুই থেকে চার বছর পিছিয়ে গেছে।
ইসরায়েলের সক্ষমতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা ইতোমধ্যে আমাদের সামরিক সক্ষমতার স্পষ্ট প্রমাণ দিয়েছি।”
kalprakash.com/IM