লক্ষ্মীপুরের কমলনগরে কিল-ঘুষিতে ফজলে আলী হাজারী (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে মাহফুজ নামে এক যুবকের বিরুদ্ধে। আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (২২ অক্টোবর) রাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের বটতলী বাজারে ইদ্রিস মেম্বারের দোকানের সামনে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ফজলে আলী গুরুতর আহত হন।
নিহত ফজলে আলী চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজারীর বাড়ির বাসিন্দা।
নিহতের শ্যালক আইয়ুব আলী জানান, প্রায় এক বছর আগে ফজলে আলীর আরেক শ্যালক ইউছুফের ছেলের সঙ্গে একই এলাকার জামাল হোসেনের মেয়ের প্রেমের সম্পর্কের সূত্রে বিয়ে হয়। পরে সমঝোতার ভিত্তিতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
আইয়ুব আলীর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি মেয়েপক্ষের লোকজন অভিযোগ করেন, ছেলেপক্ষ তাঁদের মেয়ের ছবি প্রচার করছে। এ নিয়ে বিরোধের জেরে ফজলে আলী ঘটনাস্থলে গেলে মেয়েপক্ষের নাজিম হাওলাদার ও ফারুক মাঝির ইন্ধনে তাঁর ওপর হামলা করা হয়। এ সময় এলোপাতাড়ি কিল-ঘুষিতে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চরফলকন ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দীন হাওলাদার বলেন, তাঁর ভাতিজিকে অন্যত্র বিয়ে দেওয়ার পরও দেলোয়ার নামের এক ব্যক্তি তাঁদের অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন। এ নিয়ে সমঝোতার চেষ্টা করা হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির সময় মাহফুজ ফজলে আলীকে ঘুষি মারেন। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছে।
kalprakash.com/IM