আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তা পেছানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিক্ষাবর্ষকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতেই জানুয়ারির শুরুতে পরীক্ষা নেওয়ার এ সিদ্ধান্ত। সরকারের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে শেষ করে ১৮ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
টেস্ট পরীক্ষা শেষে মূল পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় দুই মাস সময় পাবে, যা অন্যান্য বছরের (আড়াই থেকে তিন মাস) তুলনায় কিছুটা কম। এ নিয়ে অভিভাবক ও শিক্ষকদের একাংশের মাঝে উদ্বেগ তৈরি হলেও শিক্ষা বোর্ড চেয়ারম্যানের মতে, যথাসময়ে সিলেবাস শেষ করা গেলে শিক্ষার্থীদের ওপর কোনো বাড়তি চাপ পড়বে না।
করোনা মহামারি ও নানা পারিপার্শ্বিক কারণে কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচিতে যে ছন্দপতন ঘটেছিল, তা কাটিয়ে শিক্ষাবর্ষকে সেশনজটমুক্ত করতেই এই আগাম সূচি কার্যকর করা হচ্ছে।
kalprakash.com/IM