কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে চলমান তীব্র বিদ্যুৎ বিভ্রাট নিরসন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে উপাচার্য দপ্তর এবং উপ-উপাচার্যের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও আবাসিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যুৎ সংকট সমাধানে ছাত্রদলের উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো—
১. ক্যাম্পাসে চলমান দীর্ঘস্থায়ী লোডশেডিং অনতিবিলম্বে বন্ধ করা।
২. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিদ্যুৎ ব্যবস্থার সংস্কার, রক্ষণাবেক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৩. বিদ্যুৎ না থাকলে শিক্ষা ও আবাসিক কার্যক্রম সচল রাখতে কেন্দ্রীয়ভাবে শক্তিশালী জেনারেটরের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
৪. লোডশেডিং চলাকালীন আবাসিক হলগুলোতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে স্থায়ী বিকল্প ব্যবস্থা রাখা।
৫. স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে সমন্বয় করে ক্যাম্পাসে সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করা।
এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, “পরীক্ষার মৌসুমে দফায় দফায় লোডশেডিংয়ের কারণে আবাসিক হলের শিক্ষার্থীরা দারুণ কষ্টে আছেন। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এবং পানি সংকট তৈরি হচ্ছে। আমরা পুরো ক্যাম্পাসকে কেন্দ্রীয় জেনারেটরের আওতায় আনার দাবি জানিয়েছি। উপ-উপাচার্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
kalprakash.com/IM