শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | দুপুর ৩:৩৯:১৫

পাবনায় চালু হলো শিশুদের প্রথম আধুনিক ইনডোর প্লে-গ্রাউন্ড

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:৪৭
শেয়ার: mail
পাবনায় চালু হলো শিশুদের প্রথম আধুনিক ইনডোর প্লে-গ্রাউন্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চার দেয়ালে বন্দি একঘেয়ে শৈশব ও স্মার্টফোনের আসক্তি থেকে মুক্ত করে শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে পাবনায় এই প্রথম চালু হয়েছে আন্তর্জাতিক মানের আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ড প্লে-গ্রাউন্ড’।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে পাবনা শহরের গাছপাড়া তিন রাস্তার মোড়ে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান ‘পিএস গ্রুপ’-এর উদ্যোগে জমকালো আয়োজনে বিনোদন কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রায় ১২ হাজার বর্গফুট জায়গা জুড়ে গড়ে তোলা বিশালাকার এই ইনডোর প্লে-গ্রাউন্ডটির ফিতা কেটে উদ্বোধন করেন দেশের বরেণ্য চিকিৎসক প্রফেসর ড. ওমর আলী। উদ্বোধনের সাথে সাথেই পুরো আঙিনা কোমলমতি শিশুদের হাঁসি-উচ্ছ্বাস আর কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। শিশুদের আনন্দময় অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে স্থাপন করা হয়েছে আন্তর্জাতিক মানের সেফটি ম্যাট, রঙিন বল পিট, ও স্লাইডসহ আধুনিক নানা ঝুঁকিমুক্ত রাইড। সম্পূর্ণ কেন্দ্রে শিশুদের সুরক্ষায় দায়িত্বে রয়েছেন প্রশিক্ষিত সুপারভাইজারবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ওমর আলী বলেন, “যান্ত্রিক শহরের সীমাবদ্ধতার কারণে বর্তমান প্রজন্মের শিশুরা মুক্ত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে তাদের স্বাভাবিক বুদ্ধিবৃত্তিক বিকাশ মারাত্মক বিঘ্নিত হচ্ছে। ‘পিএস ডিজনিল্যান্ড প্লে-গ্রাউন্ড’ শিশুদের সেই একঘেয়েমি কাটিয়ে শরীর চর্চা ও সুস্থ বিনোদনের বড় ক্ষেত্র হিসেবে কাজ করবে।”

এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাবনার স্থানীয় অভিভাবকরা। প্রথমা ও রেহানা পারভীন নামের একাধিক অভিভাবক জানান, পাবনায় এতদিন শিশুদের নিরাপদে নিয়ে ঘোরার মতো স্থান ছিল না। বাধ্য হয়ে তারা মোবাইল বা টিভিতে সময় কাটাত। এমন আন্তর্জাতিক মানের ও নিরাপদ পরিবেশে শিশুরা খেলতে পারবে জেনে তারা অত্যন্ত আনন্দিত।

পিএস গ্রুপের চেয়ারম্যান জাহিদ হোসাইন পান্না জানান, ব্যস্ত জীবনে বন্দি শিশুদের শারীরিক ও মানসিক রিফ্রেশমেন্ট দিতেই তাদের এই প্রয়াস। প্লে-গ্রাউন্ডটিতে প্রবেশ ও রাইড উপভোগের জন্য শিশুদের ২ ঘণ্টার প্যাকেজমূল্য ৩২০ টাকা এবং অভিভাবক ফি ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, রোটারিয়ান জালাল উদ্দিন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান রাসেল ও রিজভী জয়সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশনের পাবনা প্রতিনিধি মিজানুর রহমান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward