শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | বিকাল ৪:৪৮:১০

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:২৫
শেয়ার: mail
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পূর্ববর্তী আমলের অপরিকল্পিত সিদ্ধান্ত ও চরম অব্যবস্থাপনার জের ধরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে নজিরবিহীন অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “রাষ্ট্র, রাজনীতি, প্রশাসন কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন স্পর্শকাতর প্রতিষ্ঠানের আনাচে-কানাচে ফ্যাসিবাদের সুবিধাভোগী চক্রটি এখনো ওত পেতে রয়েছে। এই অপশক্তি ও চক্রান্তকারীরা কৌশল বদলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো অতিজরুরি খাতকে অস্থিতিশীল করতে খুবই সক্রিয়। তারা নানা মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্বরে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং শান্তির প্রতীক বেলুন ও পায়রা উড়িয়ে ড্যাবের ঐতিহাসিক এই চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, “আমরা কোনো সত্য লুকানোর চেষ্টা করছি না। সরকার অস্বীকার করছে না যে বর্তমানে সাধারণ মানুষ তীব্র বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে। কিন্তু বিশেষ কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে অতীতে যে অপরিকল্পিত ও আত্মঘাতী চুক্তি ও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার খেসারতই আজ পুরো জাতি, দেশের সাধারণ মানুষ এবং বর্তমান সরকারকে দিতে হচ্ছে।”

দেশের চলমান অবস্থা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “আপনারা জানেন, আমরা দায়িত্ব নেওয়ার পর একটি সম্পূর্ণ ভঙ্গুর ও বিপর্যস্ত অর্থনীতি উপহার পেয়েছি। সমস্ত সংকট কাটিয়ে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা ইতিমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছি। ইনশাআল্লাহ্, খুব দ্রুতই বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট কাটিয়ে মানুষকে একটি স্বস্তিদায়ক পরিবেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হবে।”

পবিত্র কোরআন তিলাওয়াত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব সূচিত হয়। সমাবেশে দেশের জেলা ও বিভাগীয় পর্যায় থেকে ড্যাবের হাজার হাজার শীর্ষস্থানীয় চিকিৎসক ও প্রতিনিধি অংশ নেন।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে ও ড্যাব মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। (সূত্র: বাসস)

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward