সরকারের কার্যক্রমে বা জনগণের সেবা প্রদানে যেকোনো ধরনের গাফিলতি কিংবা অবহেলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি স্পষ্ট করে বলেন, “দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকেই ছাড় দিচ্ছেন না মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আমলাতন্ত্রের লোক হোন, বিউরোক্রেসির কর্মকর্তা হোন কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তিই হোন না কেন— অনিয়ম ও গাফিলতির বিরুদ্ধে তিনি শক্ত হাতে পদক্ষেপ নিচ্ছেন। একই সঙ্গে যারা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাঁদের তিনি প্রতিনিয়ত অনুপ্রাণিত করছেন এবং জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার উৎসাহ যোগাচ্ছেন।”
আজ শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বইয়ের গুরুত্ব তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, “বই হলো সমাজ ও চেতনার অন্ধকার ঘোচানোর সবচেয়ে বড় বাতিঘর। মানবসভ্যতার ক্রমবিকাশ ও অগ্রগতির মূলে বইয়ের কোনো বিকল্প নেই। আজ আমরা আধুনিক প্রযুক্তি, অডিও-ভিডিও ও গণমাধ্যমের সুবিধা ভোগ করছি— এ সবই জ্ঞান ও বিজ্ঞানের ধারাবাহিক চর্চার অবদান।”
বর্তমান সরকারের পাঁচ মাসের সফলতা তুলে ধরে বিএনপির এই মুখপাত্র বলেন, “গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন সরকারকে নিয়ে প্রতিপক্ষ নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। অথচ এই স্বল্প সময়ে সরকার কী কী জনকল্যাণমুখী কাজ সম্পন্ন করেছে, তার নিখুঁত পরিসংখ্যান ও চিত্র এই বইটিতে তুলে ধরা হয়েছে। জনগণ সবকিছু প্রত্যক্ষ করছে। তবে সকল তথ্য একত্র করে সুগ্রন্থিতভাবে নথিভুক্ত করার এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।”
সরকারের নেওয়া বৈপ্লবিক কল্যাণমূলক উদ্যোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান ও খাল খনন কর্মসূচি পুরোদমে শুরু হয়েছে এবং খুব শিগগিরই সারা দেশে হেলথ কার্ড চালু হতে যাচ্ছে। আন্তর্জাতিক ও দেশীয় বাজার সামলে গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নিজে কী ধরনের কার্যকর পদক্ষেপ নিয়েছেন, তাও বইটিতে সুন্দরভাবে উঠে এসেছে। নির্বাচনের আগে দেশবাসীকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দিন-রাত দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়াচ্ছেন এবং উন্নয়ন কর্মকাণ্ড নিজে তদারকি করছেন।”
তিনি সতর্ক করে বলেন, “সরকারের এই ঈর্ষণীয় সাফল্য দেখে যারা ভিত্তিহীন অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছে, তারা মূলত দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই এসব মিথ্যাচার ছড়াচ্ছে। তবে সচেতন জনগণ সত্য চিনে নিয়েছে।”
সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান এম নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ আউয়ালসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
kalprakash.com/IM