শনিবার, ৮ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮ | বিকাল ৪:৪৮:০২

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:০১
শেয়ার: mail
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে (৫২) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই-এর পুলিশ সুপার (এসপি) আবু ইউসুফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চেম্বার জজ আদালতের দেওয়া আদেশ অমান্য করা এবং নির্দেশিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় আদালতের জারি করা সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা মূলে হাফিজুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে দ্রুত কুমিল্লা আদালতে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, চলতি বছরের ২২ এপ্রিল তনু হত্যা মামলায় প্রথমবার গ্রেপ্তার করে হাফিজুর রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছিল। পরবর্তীতে গত ২ আগস্ট হাইকোর্ট থেকে তিনি ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন এবং ৪ আগস্ট কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন। তবে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানালে গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন। একই সঙ্গে অভিযুক্ত হাফিজুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় এবং ব্যর্থতায় পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকার একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন জঙ্গল থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক তথ্যে তাঁকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রমাণ মেলে।

চাঞ্চল্যকর এই ঘটনার পরদিন তনুর বাবা ও তৎকালীন ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর চলতি বছরের ২২ এপ্রিল তদন্তকারী সংস্থা পিবিআই সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান ২০১৬ সালে তনু হত্যাকাণ্ডের সময় কুমিল্লা সেনানিবাসে সিনিয়র ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward