নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনের সামনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভা থেকে অস্ত্রসহ তানিম (৩১) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উত্তরা গণভবন গেট সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনক গতিবিধির কারণে তাকে আটক করা হয়। আটককৃত তানিম নাটোর পৌরসভার কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা ৩টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে প্রবেশদ্বারে আয়োজিত এক পথসভায় বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে মন্ত্রী মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় আটক যুবক মন্ত্রীর খুব কাছাকাছি চলে আসে এবং দুবার তাঁর সাথে শারীরিক ধাক্কা লাগে।
বিষয়টিতে তাৎক্ষণিক প্রটোকল পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ আটক করে নাটোর সদর থানায় নিয়ে আসা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম জানান, মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু পথসভা শেষে গাড়িতে ওঠার মুহূর্তে ওই যুবক অসৎ উদ্দেশ্যে সামনে অগ্রসর হলে পুলিশ তাকে স্পট থেকেই আটক করে। তাঁর কাছে পাওয়া পিস্তলটির ধরণ, লাইসেন্স রয়েছে কি না এবং কী উদ্দেশ্যে সে অস্ত্র নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছিল— তা গভীর তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
অস্ত্রসহ আটককালে অনুষ্ঠানস্থলে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানসহ জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
kalprakash.com/IM