বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের কচুয়া আদালত ভবনের সামনের বারান্দায় ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচজন বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় আদালত ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আহতরা হলেন হাবিবুল্লাহ শেখ, মো. সিরাজ শেখ, সুমন দাস, হৃদয় হাওলাদার ও মোতালেব। দুর্ঘটনার পরপরই তাদের বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো পূর্বাভাস ছাড়াই ছাদের একটি অংশ ভেঙে অপেক্ষমাণ মানুষের ওপর পড়ে। এতে কয়েকজন আহত হন। এ সময় ছাদের ভেতরের রডও বাইরে বেরিয়ে আসে। ফলে ভবনের আরও অংশ ধসে পড়ার আশঙ্কা করছেন অনেকে।
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আহতদের মধ্যে দুজনের মাথায় সেলাই দিতে হয়েছে। অন্যদের ঘাড় ও পায়ে আঘাত রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
আদালতের নাজির অমিত কুমার জানান, বিষয়টি গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা ভবনটি পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন।
পাবলিক প্রসিকিউটর এম. এম. মাহাবুব মোর্শেদ লালন বলেন, দীর্ঘদিনের পুরোনো এই তিনতলা আদালত ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং নিয়মিত পলেস্তারা খসে পড়ছে। তাই জননিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে ভবনটির সংস্কার প্রয়োজন বলে তিনি মত দেন।
kalprakash.com/IM
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি 























