বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে মাছ ধরার জালে আটকা পড়া প্রায় ৯ ফুট দীর্ঘ একটি অজগর উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে সাপটি উদ্ধার করার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেলে সুন্দরবনের উপযোগী পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা তুলতে গিয়ে জালের মধ্যে বিশাল আকৃতির অজগরটি আটকে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা রাসেল কবিরাজ সতর্কতার সঙ্গে সাপটিকে জাল থেকে উদ্ধার করেন।
রাসেল কবিরাজ জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। সময়মতো উদ্ধার করায় প্রাণীটির কোনো ধরনের ক্ষতি হয়নি। তিনি বলেন, বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ সম্পদ। তাই সাপটিকে নিজের কাছে না রেখে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে এটি নিরাপদে প্রাকৃতিক আবাসে ফিরে যেতে পারে।
উদ্ধারের পর অজগরটি উপজেলা সদরে নিয়ে আসা হলে সেটি দেখতে স্থানীয় মানুষের ভিড় জমে। খবর পেয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির কর্মকর্তারা সেখানে পৌঁছে অজগরটির দায়িত্ব গ্রহণ করেন।
গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে হেফাজতে নেয়। স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সোমবার বিকেলেই সাপটিকে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর অন্যতম। এ ধরনের প্রাণী পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোথাও অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আটক বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানানো উচিত।
স্থানীয় সচেতন মহলের মতে, সাধারণ মানুষের সহযোগিতা এবং বন বিভাগের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে অজগরটি নিরাপদে প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে পেরেছে। এ ধরনের উদ্যোগ বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
kalprakash.com/IM
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি 
























