যশোর শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে পৌরসভার বিশেষ অভিযান খুব একটা কাজে আসছে না। অভিযানের পর প্রথম তিন দিন শহরে যানজট নিয়ন্ত্রণে থাকলেও বৃহস্পতিবার থেকে পরিস্থিতি ফের আগের রূপ ধারণ করেছে। এতে তীব্র যানজটের কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।
জানা গেছে, গত ১৭ আগস্ট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে যশোর পৌরসভার উদ্যোগে সোমবার (২৪ আগস্ট) শহরে যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় শহরের সড়কগুলোতে অবৈধ ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
পৌরসভার এই অভিযানের ফলে সোমবার থেকে বুধবার (২৬ আগস্ট) পর্যন্ত তিন দিন শহরে যানজট ছিল না বললেই চলে। স্বস্তিতে চলাচল করতে পেরে সাধারণ মানুষ ও পথচারীরা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন।
তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। তিন দিন পার হতেই বৃহস্পতিবার থেকে শহরে ফের তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে সকালে ও বিকেলে শহরের ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে গাড়িখানা রোডের প্রবেশমুখে ব্যাপক যানজট তৈরি হয়। সেখানে প্রায় আধা ঘণ্টা যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় পথচারী ও যানবাহনের যাত্রীদের। এ সময় স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রকাশ করে পৌরসভার অভিযানের ধারাবাহিকতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। তিনি বলেন, “যিনি অভিযান পরিচালনা করছেন তাঁর কাছে শোনেন।”
তবে যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যানজট নিরসনে আগামী রবিবার থেকে শহরে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
kalprakash.com/IM