ঠাকুরগাঁওয়ের রুহিয়া চৌরাস্তা এলাকার সড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। অভিযানে উপজেলা শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে সড়কে অবৈধভাবে দোকান বসিয়ে পথচারী ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১৫ থেকে ২০টি দোকান উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মজাহারুল ইসলাম বাদল, রুহিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস চন্দ্রসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, “শহরের সৌন্দর্য রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ সড়কে অবৈধ দোকান বসিয়ে ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে চৌরাস্তা এলাকায় ফুটপাত দখলের কারণে তীব্র যানজট ও পথচারীদের চলাচলে ভোগান্তি হতো। এই অভিযানের ফলে পথচারীদের চলাচল সহজ হবে এবং যানজট অনেকটাই নিরসন হবে।
kalprakash.com/IM