ইরান যদি তার বিরুদ্ধে কোনো হত্যাচেষ্টার উদ্যোগ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক প্রতিক্রিয়া জানাবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এমন পরিস্থিতির জন্য মার্কিন বাহিনী আগে থেকেই প্রস্তুত রয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার ওপর হামলার চেষ্টা হলে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক ও ব্যাপক সামরিক অভিযান চালানো হবে। তার ভাষ্য, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন হলে ধারাবাহিকভাবে আরও হামলা চালানো হবে।
ট্রাম্প আরও দাবি করেন, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যেই দেওয়া হয়েছে। তার মতে, প্রয়োজনে দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
এর আগে নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প একই ধরনের বক্তব্য দেন। তিনি বলেন, ইরান যদি তাকে হত্যায় সফল হয়, তাহলে যুক্তরাষ্ট্র এমন পাল্টা হামলা চালাবে, যা দেশটি আগে কখনও দেখেনি। ট্রাম্পের দাবি, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়ে আসছেন।
উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেমানি নিহত হওয়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা ধারাবাহিকভাবে বজায় রয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্য সেই উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
অনলাইন ডেস্ক 























