পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ পালনকালে ও হজ-পরবর্তী সময়ে সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ হজ ব্যবস্থাপনা তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন।
মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, সৌদি আরবে মারা যাওয়া ৫৪ বাংলাদেশির মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। তাদের মধ্যে সর্বাধিক ৩৭ জনের মৃত্যু হয়েছে মক্কায়। এছাড়া মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি আরবে স্থাপিত বাংলাদেশি মেডিকেল সেন্টারগুলো থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (ই-প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে।
চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন।
হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে। নির্ধারিত সূচি অনুযায়ী, শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন পরিচালিত হবে। হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বক্ষণিক কাজ করছে।
অনলাইন ডেস্ক 






















