পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকে টালিউড ইন্ডাস্ট্রির একাধিক সংগঠনের নেতৃত্ব ও কমিটি নিয়ে চলমান দ্বন্দ্ব এবার সহিংস রূপ নিয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) টেকনিশিয়ান স্টুডিও ও টালিগঞ্জ এলাকায় ডিম, পাথর ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৩ জুন সকাল থেকেই টালিগঞ্জের স্টুডিওপাড়া উত্তপ্ত ছিল। টালিউড ফেডারেশন নামে আলাদা কোনো সংগঠন থাকবে না—এমন সিদ্ধান্ত জানানো হয় টেকনিশিয়ান স্টুডিওতে অনুষ্ঠিত এক বৈঠকের পর। সেখানে উপস্থিত ছিলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী।
তিনি জানান, দিল্লি থেকে টালিউড পরিচালনা করবে কো-ফেডারেশন। ফলে একাধিক সংগঠন আর থাকবে না। একই বৈঠকে ফেডারেশনের দুই সদস্য নিরুপম দে বাবাই ও মহম্মদ হাসানকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়।
পরদিন বৃহস্পতিবার টেকনিশিয়ান স্টুডিওপাড়ায় দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান এবং সহ-সম্পাদক নিরুপম দে বাবাইকে কেন্দ্র করে বিভক্তি তৈরি হয় সংগঠনের মধ্যে। এক পক্ষ তাদের সমর্থনে অবস্থান নেয়, অন্য পক্ষ তাদের বিরোধিতা করে।
পাপিয়া অধিকারী বলেন, একের পর এক অভিযোগ আসছিল তাদের বিরুদ্ধে। তাই যারা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তাদের সরিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, টালিপাড়ায় এ ধরনের কর্মকাণ্ড চলবে না।
তিনি আরও উল্লেখ করেন, ‘ডি কিউব’ ফর্মুলা অনুযায়ী চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে—ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট।
এদিকে বৃহস্পতিবার টালিগঞ্জের মাঠে প্রায় ২৬টি গিল্ডের প্রায় দুই হাজার সদস্য উপস্থিত হন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিছু সদস্যকে বাদ দেওয়া হলে একাংশ প্রতিবাদে ফেটে পড়ে। তারা মুখ্যমন্ত্রী ও পাপিয়া অধিকারীর সঙ্গে কথা বলার দাবি জানান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ডিম, পাথর ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে।
উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। কেউ কেউ দাবি করেন তারা পাপিয়ার সমর্থক, আবার অন্য পক্ষ বলছে এই পরিস্থিতির পরই অনেকে নতুন করে রাজনৈতিক পরিচয় নিচ্ছেন। ঘটনাস্থলে উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
kalprakash.com/SAS
অনলাইন ডেস্ক 


















