সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নওগাঁ জেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য জানানো হয়।
শোকজপ্রাপ্তরা হলেন খন্দকার তারিকুল ইসলাম দিপু, যিনি এনসিপির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব, এবং দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, যিনি দলটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।
নোটিশে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে নোটিশপ্রাপ্তির তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বরাবর লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এদিকে শোকজের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শোকজপ্রাপ্ত নেতা দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ। শুক্রবার (৫ জুন) সকালে তিনি বলেন, আমাকে ঠিক কী কারণে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো আমি অবগত নই। তবে ধারণা করছি, ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটি হতে পারে।
তিনি আরও অভিযোগ করে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আমাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখার উদ্দেশ্যে এবং পছন্দের ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে। এর আগেও বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্তে অনিয়মের অভিযোগ তুলে তিনি বিরোধিতা করেছেন বলেও দাবি করেন।
সোহাগ আরও বলেন, জাতীয় নাগরিক কমিটি থেকেই আমরা নওগাঁ জেলা সংগঠনের দায়িত্বে ছিলাম এবং সংগঠনকে গুছিয়ে তুলেছি। কিন্তু এখন আমাদের বিরুদ্ধেই শোকজ দেওয়া হয়েছে। তবে তিনি নওগাঁর কেন্দ্রীয় ওই নেতার নাম প্রকাশ করেননি।
kalprakash.com/SAS
অনলাইন ডেস্ক 


















