টি-টোয়েন্টি লিগের ক্রমবর্ধমান বিস্তারে চাপে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সূচি। আইপিএল, বিপিএল, পিএসএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে বিশ্ব ক্রিকেটের ক্যালেন্ডার নির্ধারণে জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছে আইসিসি।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে আইপিএল ছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), দক্ষিণ আফ্রিকার এসএ-২০, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগসহ একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলছে। চলতি বছরের শেষ দিকে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথাও রয়েছে।
আইসিসি জানিয়েছে, প্রতিনিয়ত বিভিন্ন লিগের সময় বাড়ানোর অনুরোধ আসায় আন্তর্জাতিক সিরিজ ও বিশ্বকাপের সূচি নির্ধারণে সমস্যায় পড়তে হচ্ছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে ভারসাম্য বজায় রেখে ভবিষ্যৎ ক্যালেন্ডার সাজানোর উপায় খুঁজবে।
লিগ ক্রিকেটে উচ্চ পারিশ্রমিকের কারণে অনেক ক্রিকেটার জাতীয় দলের পরিবর্তে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে অগ্রাধিকার দিচ্ছেন বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিছু ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়মিত লিগে খেলছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্ব বজায় রাখতে হলে লিগ ক্রিকেটের সঙ্গে সমন্বিত একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন, নাহলে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্ব ক্রিকেট কাঠামো আরও চাপে পড়তে পারে।
kalprakash.com/SS
স্পোর্টস ডেস্ক 



















