ঈদুল আজহায় মুক্তি পাওয়া জিয়াউল ফারুক অপূর্বর নতুন নাটক ‘মায়াপাখি’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আবেগঘন গল্প ও শক্তিশালী অভিনয়ের কারণে নাটকটি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন।
জাকারিয়া সৌখিন পরিচালিত এই নাটকে অপূর্বের সঙ্গে অভিনয় করেছেন নাজনীন নিহা। ঈদের পরদিন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তির পর থেকেই নাটকটি দর্শকমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইতোমধ্যে নাটকটির ভিউ ৪৬ লাখের বেশি ছাড়িয়েছে।
দর্শকদের মতে, দীর্ঘ সময়ের নাটক হওয়া সত্ত্বেও গল্পের টানাপোড়েন ও আবেগঘন উপস্থাপনা তাদের শেষ পর্যন্ত ধরে রেখেছে। অনেকেই মন্তব্য করেছেন, নাটকটি দেখতে গিয়ে চোখে পানি চলে এসেছে এবং এটি ঈদের অন্যতম সেরা নাটক।
নাটকের গল্প শুরু হয় সাদাত (অপূর্ব) ও মায়া (নিহা)-এর সাধারণ প্রেম ও দাম্পত্য জীবন দিয়ে। ভালোবাসায় গড়া ছোট সংসারে সুখ-দুঃখ ভাগাভাগি করেই এগিয়ে যাচ্ছিল তাদের জীবন।
তবে সময়ের সঙ্গে সঙ্গে করপোরেট জীবনের প্রভাব মায়ার জীবনধারা ও চিন্তায় পরিবর্তন আনে, যা ধীরে ধীরে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি করে। ছোট ছোট ভুল বোঝাবুঝি একসময় অবিশ্বাস ও মানসিক বিচ্ছিন্নতায় রূপ নেয়।
গল্পের মোড় ঘুরে যায় এক রহস্যজনক ঘটনার মাধ্যমে, যেখানে মায়ার মৃত্যুকে কেন্দ্র করে তৈরি হয় একাধিক প্রশ্ন। সেই রহস্য উন্মোচনের মধ্য দিয়েই নাটকটি এগিয়ে যায় সম্পর্ক, বিশ্বাস, অহংবোধ ও জীবনের জটিল বাস্তবতার দিকে।
সব মিলিয়ে ‘মায়াপাখি’ শুধু জনপ্রিয়তাই নয়, দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার দিক থেকেও এবারের ঈদে অন্যতম আলোচিত নাটক হিসেবে জায়গা করে নিয়েছে।