দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য নিজের নাম, ছবি ও ব্যক্তিগত পরিচয় অপব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন। তার অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট অনলাইনে ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কনটেন্ট প্রকাশ করা হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে তিনি তার সাবেক স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে প্রতারণা করেছেন। পাশাপাশি তার ক্যারিয়ার নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু ২০১৭ সালের ৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২১ সালের ২ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদের পর থেকেই সামাজিক মাধ্যমে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজব ও ট্রল ছড়াতে থাকে।
অভিনেতার আইনজীবী বৈভব গগ্গর আদালতে জানান, বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্মে নাগা চৈতন্যের নাম ব্যবহার করে আপত্তিকর ও বিকৃত কনটেন্ট ছড়ানো হচ্ছে। এতে জনমনে ভুল ধারণা তৈরি হচ্ছে এবং তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, কিছু প্ল্যাটফর্ম অভিনেতার নামকে অশালীন সার্চ টার্মের সঙ্গে যুক্ত করে ট্রাফিক বাড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে ডিপফেক ভিডিও, ভয়েস ক্লোনিং এবং ভুয়া অডিও-ভিডিও কনটেন্ট তৈরি করা হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে আদালতে জানানো হয়, কিছু পর্নোগ্রাফি কনটেন্টেও নাগা চৈতন্যের ছবি ব্যবহার করা হয়েছে।
অন্যদিকে, সামান্থার সঙ্গে প্রতারণার অভিযোগকে তার আইনজীবী শুধুমাত্র ট্রলের অংশ বলে উল্লেখ করেন এবং এটিকে ভিত্তিহীন ও মানহানিকর দাবি করেন।
বর্তমানে বিচারপতি জ্যোতি সিংয়ের আদালতে মামলাটির শুনানি চলছে। নাগা চৈতন্যের পক্ষ থেকে কয়েকটি মানহানিকর ইউটিউব ভিডিও ও অনলাইন লিংকের উদাহরণও উপস্থাপন করা হয়েছে, যেগুলোর কিছু ইতোমধ্যে সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে।
প্রযুক্তির অপব্যবহার, ডিপফেক কনটেন্ট এবং অনলাইন মানহানির বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 






















