দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা জানান তিনি। এরপর থেকেই তাদের সম্পর্ক ঘিরে বলিউড অঙ্গনে শুরু হয় নানা আলোচনা ও গুঞ্জন।
বিচ্ছেদকে কেন্দ্র করে এক সময় পরকীয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সুরজ নাম্বিয়ার এসব অভিযোগ নাকচ করে জানিয়ে দেন, বিচ্ছেদের পেছনে কোনো বহিরাগত কারণ নেই, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।
বিচ্ছেদের খবর প্রকাশের পর প্রথমবার জনসমক্ষে দেখা যায় মৌনী রায়কে। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেও তিনি কোনো মন্তব্য না করে দ্রুত ভেতরে চলে যান। এরপরই শুরু হয় জল্পনা—তিনি কি দেশের বাইরে যাচ্ছেন, নাকি নতুন কোনো কাজের জন্য রওনা হয়েছেন।
এর মধ্যেই কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন এই অভিনেত্রী। ফ্রান্সের রিভেরায় অনুষ্ঠিত ‘মার্শে দু ফিল্ম’ বিভাগে নিজের আসন্ন ছবি ‘বম্বে স্টোরিজ’-এর প্রদর্শন উপলক্ষে অংশ নেন তিনি।
বিচ্ছেদের খবরের মধ্যেই তার এই আন্তর্জাতিক উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়। কানের লাল গালিচায় মনোক্রোম লুকে দেখা যায় মৌনী রায়কে। সাদা হল্টার-স্টাইল ডিটেইলিংয়ের সঙ্গে কালো গাউনে তাকে দেখা যায় গ্ল্যামারাস ও আত্মবিশ্বাসী রূপে।
নিজের কান লুকের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘কান ও ক্যাওয়াস’। তার এই উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায়। ভক্ত ও সহকর্মীরা তার স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 























