জনপ্রিয় টেলিভিশন সিরিজ শার্লক হোমস-এ ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ জানানো না হলেও, তার প্রতিনিধিত্বকারী সংস্থা স্কট মার্শাল পার্টনার্স মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জানা গেছে, তিনি গত ১০ মে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৩৪ সালের ১৫ মে জন্ম নেওয়া ডেভিড বার্ক লন্ডনের রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন। পরবর্তীতে তিনি জাতীয় নাট্যশালার মঞ্চে ‘কিং লিয়ার’ নাটকে অভিনয় করে প্রশংসিত হন।
দীর্ঘ অভিনয় জীবনে তিনি ‘মিডসোমার মার্ডার্স’, ‘রেইলি, এস অব স্পাইজ’, ‘দ্য ওম্যান ইন ব্ল্যাক’সহ একাধিক জনপ্রিয় প্রযোজনায় কাজ করেছেন।
আশির দশকে জেরেমি ব্রেটের সঙ্গে ‘শার্লক হোমস’ সিরিজের প্রথম মৌসুমে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করলেও পরবর্তী মৌসুমে তিনি সিরিজটি ছেড়ে দেন। শুটিংয়ের কারণে পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হওয়ায় ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানা যায়।
তার ছেলে টম বার্কও অভিনয় জগতে পরিচিত মুখ, যিনি ‘দ্য মাস্কেটিয়ার্স’ ও ‘স্ট্রাইক’ সিরিজে কাজ করেছেন।
ডেভিড বার্ক স্ত্রী আনা ক্যালডার মার্শাল এবং সন্তানদের রেখে গেছেন।
kalprakash.com/SS
বিনোদন ডেস্ক 























