রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) একমাত্র ছাত্রী হল শহীদ ফেলানী হলের রিডিং রুম সংকটে ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিদিনই অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও ঈদের ছুটির পর থেকে বন্ধ রয়েছে হলের ডাইনিংও।
আবাসিক শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বিভিন্ন দাবির মধ্যে অন্যতম ছিল রিডিং রুমের পরিসর বৃদ্ধি। এ বিষয়ে একাধিকবার হল প্রশাসনের সঙ্গে কথা বলা হলেও প্রতিবারই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা আরও জানান, বর্তমানে হল প্রশাসনের কার্যক্রম নতুন প্রভোস্ট ভবনে স্থানান্তর করা হয়েছে। ফলে পুরনো ভবনের যেসব কক্ষ আগে প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো, সেগুলো শিক্ষার্থীদের জন্য রিডিং রুম হিসেবে বরাদ্দ দেওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত সে উদ্যোগ বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যায়নি।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে রিডিং রুমে মাত্র একটি কক্ষে পড়াশোনার ব্যবস্থা রয়েছে। আগে সেখানে চেয়ার থাকায় প্রায় ১৮ জন শিক্ষার্থী একসঙ্গে বসে পড়তে পারতেন। কিন্তু বর্তমানে চেয়ার সরিয়ে বেঞ্চ বসানো হয়েছে। এতে আসনসংখ্যা কমে এখন মাত্র ১২ জন শিক্ষার্থী বসার সুযোগ পাচ্ছেন। অথচ হলটিতে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা ৩৪০ জনেরও বেশি।
শহীদ ফেলানী হলের আবাসিক শিক্ষার্থী রেহানা আক্তার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী আবাসিক সুবিধা পায়। এরপরও আমরা ঠিকমতো রিডিং রুমে বসে পড়াশোনা করতে পারি না। প্রায় সাড়ে তিনশো শিক্ষার্থীর জন্য রিডিং রুমে বসতে পারে মাত্র ৮ থেকে ১০ জন। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় আমাদের। আবার হলের ডাইনিং বন্ধ থাকায়ও সমস্যায় পড়তে হচ্ছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে হল প্রভোস্ট সিফাত রুমানা বলেন, আমরা নতুন ভবনে আসার আগেই প্রশাসনকে চিঠি দিয়েছিলাম রুমগুলোকে রিডিং রুম হিসেবে প্রস্তুত করার জন্য। পরে আবারও চিঠি দিয়েছি, যাতে কক্ষগুলো সংস্কার করে পড়াশোনার উপযোগী করা হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারপরও আমরা আবারও চিঠি দেব।
তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে বসেছি এবং তাদের সমস্যার কথা শুনেছি। খুব শিগগিরই রিডিং রুম চালু করার চেষ্টা করা হবে। তবে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
হলের ডাইনিং বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, আমরাও চাই ডাইনিং চালু হোক। তবে মেয়েদের আগ্রহ কম থাকে। প্রতিদিন হয়তো পাঁচ থেকে সাতজন খাবার খায়, আবার কখনো দুই-তিনজন। তারা ৬০ টাকায় তিন বেলা খাবার খেতে চায়, যা বর্তমান সময়ে সম্ভব নয়। অনেকেই হিটারে রান্না করে খায়।
মুজতাহিদ মিনার, বেরোবি প্রতিনিধি 























