কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয় অনুষদে অন্তর্বর্তীকালীন নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, আগের ডিনদের মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন ডিন নিয়োগ নিয়ে আইনগত জটিলতা তৈরি হওয়ায় আপাতত ছয় শিক্ষককে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ (সংশোধিত আইন-২০১৩) অনুযায়ী ডিনদের মেয়াদ শেষ হওয়ায় এবং গত ৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভার সিদ্ধান্তের আলোকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।
অফিস আদেশ অনুযায়ী, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। কলা ও মানবিক অনুষদের ডিন করা হয়েছে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করিমকে। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম।
এ ছাড়া প্রকৌশল অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান। আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন উপ-উপাচার্য ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল।
এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “পূর্ববর্তী সময়ে প্রশাসন নিজেদের ইচ্ছেমতো ডিন নিয়োগ দিয়েছে, আইনের তোয়াক্কা না করেই। সে কারণে বেশ কিছু নিয়মের ব্যত্যয় ঘটেছে। আমরা সিন্ডিকেটের পর এ বিষয়ে সুপ্রিম কোর্টে মতামত চাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রেখেছি। মতামত না আসা পর্যন্ত দায়িত্ব পালনের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।”
অফিস আদেশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকরা তাঁদের দায়িত্ব পালন করবেন। আদেশটি আগামীকাল ১২ মে সকাল থেকে কার্যকর হবে।
বাবলু দেব, কুবি প্রতিনিধি 























