জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের দায়িত্ব থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করার অভিযোগে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তার পরিবর্তে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে হলটির সাময়িক প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে বেগম সুফিয়া কামাল হলের সাময়িক প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে আরও বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভোস্টের যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের সনদ যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধার বিরুদ্ধে প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশক্তি পৃথক বিবৃতিতে অধ্যাপক স্নিগ্ধাসহ আরও তিন শিক্ষকের শাস্তি দাবি করে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির অধ্যাপক স্নিগ্ধার পদত্যাগ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।