যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি বিভাগের অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সত্য ও সঠিক পথ অনুসরণ এবং ব্যক্তিগত ও কর্মজীবনে সততা ও স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, জীবনে সফল হতে হলে সত্য ও সঠিক পথ বেছে নিতে হবে। কর্মজীবনে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা বজায় রাখা জরুরি। বিশ্ববিদ্যালয়জীবনে শিক্ষার্থীরা নানা অভিজ্ঞতা ও পরিস্থিতির মুখোমুখি হবে। সেখান থেকে সঠিক পথ বেছে নেওয়াই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত।
বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যে যবিপ্রবি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
এফবি বিভাগের চেয়ারম্যান এ. এইচ. এম. শাহারিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম, প্রক্টর ড. মো. হামিদুর রহমান এবং বিভাগের প্রভাষক রুহুল কুদ্দুস ও মো. শাহনুর রহমান।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।