বৈদ্যুতিক উড়োজাহাজ প্রযুক্তিতে নতুন অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ টন শ্রেণির প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।
শনিবার (১৪ নভেম্বর) চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালিত হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক) তৈরি করেছে বিমানটি। এর মডেলের নাম সিই-২৫এ (CE-25A)।
পরীক্ষামূলক উড্ডয়নে বিমানটিতে ছিলেন দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার। মোট ৫৭ মিনিটের পরীক্ষার মধ্যে বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে উড়ে। এ সময় এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নে বিমানটির সব কার্যক্রম স্বাভাবিক ছিল। পরীক্ষার ফলাফলও প্রত্যাশা অনুযায়ী হয়েছে বলে জানিয়েছে কোম্যাক।
স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাতায়াতের জন্য তৈরি সিই-২৫এ বিমানে সর্বোচ্চ ১৯ জন যাত্রী পরিবহন করা যাবে। এর ডানায় স্থাপন করা হয়েছে একাধিক বৈদ্যুতিক ডাক্টেড-ফ্যান প্রপালশন ব্যবস্থা, যা বিদ্যুতের সাহায্যে বিমানটিকে চালিত করে।
প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে কোম্যাক, চীনের ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং দেশটির আরও কয়েকটি প্রতিষ্ঠান।
বিশেষজ্ঞদের মতে, এই পরীক্ষামূলক উড্ডয়ন সফল হলে স্বল্প দূরত্বের যাত্রী পরিবহনে বৈদ্যুতিক বিমান ব্যবহারের সম্ভাবনা আরও বাড়বে। পাশাপাশি পরিবহন খাতে জ্বালানিনির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব বিমান চলাচল প্রযুক্তির বিকাশেও নতুন সুযোগ তৈরি হতে পারে।