দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করে আমন্ত্রণ জানিয়েছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে মানবজাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ বা ‘ভবিষ্যতের সরকার গঠন’।
এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। যেখানে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা একত্রিত হয়ে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং শাসনব্যবস্থার উন্নয়নে উদ্ভাবনী পদ্ধতি খুঁজে বের করেন।
বার্ষিক এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের অভিজ্ঞতা বিনিময়, নীতিগত উদ্ভাবন তুলে ধরা এবং জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার সুযোগ পায়।
সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও চিন্তাবিদসহ মোট ছয় হাজারের বেশি প্রতিনিধি ওই সম্মেলনে যোগ দেন।
ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক সংলাপ জোরদার, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই অগ্রগতির লক্ষ্যে যৌথ কৌশল প্রণয়নই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।