মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প সামরিক অবস্থান খুঁজছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। তাঁর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে থাকতে কেনিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে নতুন সামরিক ঘাঁটি নির্মাণের উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।
রোববার (২৯ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে মোহেব্বি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি ধ্বংস হয়েছে এবং কিছু ঘাঁটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে অঞ্চলটির বাইরে দূরবর্তী স্থানে নতুন সামরিক অবস্থান তৈরি করছে যুক্তরাষ্ট্র।
আইআরজিসির এই মুখপাত্রের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে থাকায় মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারে সমস্যায় পড়ছে মার্কিন বাহিনী। এ পরিস্থিতিতে কেনিয়া ও হর্ন অব আফ্রিকায় সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার প্রভাব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার মধ্যেই মোহেব্বির এই বক্তব্য সামনে এল।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের হামলায় বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির তথ্য উঠে আসে। এসব হামলায় সামরিক অবকাঠামো, রাডার ব্যবস্থা, সরঞ্জাম ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে।
তবে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। ইরানের দাবি, তাদের হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে কিংবা অকার্যকর হয়ে পড়েছে। অন্যদিকে মার্কিন প্রশাসনের বক্তব্য, ইরানের অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা অক্ষুণ্ন রয়েছে।
কৌশলগত অবস্থানের কারণে হর্ন অব আফ্রিকা অঞ্চলটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় সামরিক শক্তিগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলের কাছাকাছি হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের ক্ষেত্রেও অঞ্চলটির বিশেষ গুরুত্ব রয়েছে।
তবে কেনিয়া কিংবা হর্ন অব আফ্রিকা অঞ্চলে নতুন মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের বিষয়ে যুক্তরাষ্ট্র বা কেনিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফলে আফ্রিকায় নতুন ঘাঁটি নির্মাণের বিষয়টি আপাতত আইআরজিসির মুখপাত্রের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।
সূত্র: আল জাজিরা।