দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে দ্রুত একটি শিক্ষা কমিশন গঠনের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের মাধ্যমে সর্বস্তরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, পরিবহন ও আবাসনসংকটের বিষয়গুলো রাষ্ট্রপতির সামনে তুলে ধরে। এ ছাড়া আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং গবেষণায় প্রণোদনা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
প্রতিনিধিদল জানায়, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান হলেও ছাত্রীদের জন্য হলের সংখ্যা তুলনামূলক কম। ফলে তাদের আবাসনসংকট আরও তীব্র হচ্ছে। এ সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়টি তাঁর মতো সাবেক শিক্ষার্থীদের জন্য গর্বের জায়গা এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে প্রতিনিধিদলের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
দেশে উচ্চশিক্ষার বর্তমান মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, পর্যাপ্ত অবকাঠামো, শিক্ষক ও শিক্ষা উপকরণ ছাড়াই বিভিন্ন কলেজে উচ্চশিক্ষার কার্যক্রম চালু হওয়ায় শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ পরিস্থিতি উত্তরণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিভিন্ন ধারার মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে অ্যালামনাইদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।